বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী হচ্ছে স্পেশাল সেমাই, জরিমানা ৬০ হাজার
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন এবং অনুমোদনহীনভাবে বাজারজাত করার অভিযোগে বগুড়ার একটি কারখানায় অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ–এর বগুড়া জেলা কার্যালয় শাজাহানপুর উপজেলার মাদলা পূর্বপাড়া এলাকায় অবস্থিত নিউ মাইশা স্পেশাল সেমাই কারখানায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দেখা যায়, পায়ে মাড়িয়ে সেমাইয়ের ময়দার ডো প্রস্তুত করা হচ্ছে এবং অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করা হচ্ছে। এছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মানসনদ ছাড়াই এবং অনুমোদনহীন অবস্থায় সেমাই উৎপাদন ও মোড়কজাত করা হচ্ছিল।
দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কারখানাটিকে ৬০ হাজার টাকা জরিমানা করেন এবং তা আদায় করা হয়।
জব্দ করা অনিরাপদ খাদ্য ও উপকরণ বিধি মোতাবেক জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে বগুড়া জেলা পুলিশের একটি দল।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
