প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৪৯

বগুড়ায় পা দিয়ে বানানো হচ্ছে লাচ্ছা সেমাই, দুই কারখানাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় পা দিয়ে বানানো হচ্ছে লাচ্ছা সেমাই, দুই কারখানাকে জরিমানা
ছবি - কালবেলা হতে সংগৃহীত।

বগুড়া শহরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন, পোড়া তেল ব্যবহার এবং অনুমোদনহীন রাসায়নিক রং প্রয়োগের দায়ে দুইটি কারখানাকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সদরের আটা পাড়ার ইসলামিয়া লাচ্ছা সেমাই কারখানাকে ১ লাখ টাকা এবং বৃন্দাবন পাড়ার জেমি লাচ্ছা সেমাই কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নিরাপদ খাদ্য বগুড়া অফিসার মো. রাসেল এবং ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদি হাসান।

নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল জানান, অভিযানে কারখানাগুলোতে পায়ে মাড়িয়ে সেমাইয়ের ময়দার ডো প্রস্তুত করা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, অনুমোদনহীন রাসায়নিক রং ব্যবহার করে সেমাই উৎপাদন ও মোড়কজাত করা, ডালডা গলানো এবং সেমাই তৈরিতে পোড়া তেলের ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে সংশ্লিষ্ট আইনে তাৎক্ষণিকভাবে কারখানা দুটিকে জরিমানা করে আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যৌথ অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী শরীফুল ইসলাম, ভোক্তা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আব্দুল কাদের এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশ।

উপরে