প্রকাশিত : ৩ মার্চ, ২০২৬ ১৬:৪৭

শাজাহানপুরে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

আত্মহত্যা নাকি অন্য কিছু—তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
শাজাহানপুরে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুর উপজেলায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মশিউর রহমান বাবু (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি উপজেলার আমরুল ইউনিয়নের নগরহাট পূর্বপাড়া গ্রামের আমরুল পাড়ায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে বাড়ির পাশের একটি গাছে গলায় রশি পেঁচানো অবস্থায় বাবুর ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন শুরু হয়েছে।

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. তৌহিদুল ইসলাম জানান, নিহত বাবু কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং অল্পতেই রেগে যেতেন। এর আগে তিনি বিষপান করে হাসপাতালে চিকিৎসাও নিয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক মতবিরোধের জেরে অভিমান করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপরে