বগুড়ার সান্তাহারে চার নারীর কাছে মিললো ১০ কেজি গাঁজা
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেনে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ চার নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।
রোববার (৮ মার্চ) দুপুরে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাজশাহী মহানগরের রাজপাড়া উপজেলার সিপাইপাড়া গ্রামের ডলার হোসেনের মেয়ে রুবি বেগম (৪৫), একই গ্রামের সুমন রহমানের স্ত্রী আয়েশা আক্তার (২১), শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার মাছুয়াখালী গ্রামের রুনু মাতব্বরের মেয়ে লামিয়া বানু (২১) এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর কলেজ মোড় এলাকার রশিদ মিয়ার মেয়ে মিম আক্তার (১৯)।
সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে মাদক পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর সাড়ে ৩টার দিকে সান্তাহার জংশন স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি পৌঁছালে পুলিশ অভিযান চালায়।
অভিযানকালে ট্রেনের ‘ঘ’ বগির ৫০, ৫১, ৫২ ও ৫৩ নম্বর সিটে যাত্রীবেশে বসে থাকা চার নারীকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা খয়েরি রঙের একটি লাগেজ তল্লাশি করে কম্বল দিয়ে মোড়ানো দুইটি প্যাকেটে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
