শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, কারখানাকে ২ লাখ টাকা জরিমানা
বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার বারদুয়ারী এলাকায় অবস্থিত ডলি ফুড প্রোডাক্টস নামের একটি সেমাই কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। এ সময় শেরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা আক্তার, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বগুড়া জেলার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, অভিযানকালে দেখা যায় ডলি ফুড প্রোডাক্টস কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই, ঝুড়ি ভাজা ও নিমকি-মনেক্কা তৈরি এবং সংরক্ষণ করা হচ্ছে।
এছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অনুমোদন ছাড়াই সেখানে সেমাই উৎপাদন করা হচ্ছিল। পাশাপাশি পোড়া তেল ব্যবহার করে ডালডা গলিয়ে তা সেমাই তৈরিতে ব্যবহার করা হচ্ছিল বলেও অভিযানে দেখা যায়।
এসব অপরাধে কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৩০ দিনের মধ্যে কারখানার অবকাঠামোগত উন্নয়ন করে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
