ধুনট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা ভেঙে দুই ল্যাপটপ চুরি
বগুড়ার ধুনট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের তালা ভেঙে দুটি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ মার্চ) গভীর রাতে কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে।
ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, প্রশাসনিক কর্মকর্তার কক্ষে দুটি ল্যাপটপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র সংরক্ষিত ছিল। অন্যান্য দিনের মতো মঙ্গলবার পরিষদের কার্যক্রম শেষে প্রশাসনিক কর্মকর্তা কক্ষটি তালাবদ্ধ করে যান। পরিষদের বিধি অনুযায়ী ওই রাতে গ্রামপুলিশ সদস্য রতন কুমার ও নিরাঞ্জন কুমারের পাহারার দায়িত্ব ছিল। তবে তারা রাতে কার্যালয়ে উপস্থিত ছিলেন না বলে অভিযোগ রয়েছে।
এ সুযোগে দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুটি ল্যাপটপ নিয়ে যায়।
বুধবার (১১ মার্চ) ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রামপুলিশ সদস্যদের দায়িত্বে অবহেলার কারণেই পরিষদের কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট দুই গ্রামপুলিশ সদস্যকে শোকজ করা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশকে জানানো হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
