প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬ ০২:০১

আদমদীঘিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু- শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক
আদমদীঘিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু- শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

বগুড়ার আদমদীঘি উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর স্বামী পলাতক রয়েছেন।

সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের শান্তিনগর মায়াবিডি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিমু বানু (১৯) সাদ্দাম হোসেনের দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে রিমুকে বিয়ে করেন সাদ্দাম। বিয়ের পর সান্তাহার পৌর শহরের একটি ভাড়া বাসায় স্ত্রী ও শাশুড়িকে রেখে তিনি অনিয়মিতভাবে সেখানে আসা-যাওয়া করতেন।

ঘটনার দিন দুপুরে সাদ্দাম বাসায় এসে স্ত্রীর সঙ্গে ঘরের দরজা বন্ধ করে দেন। এ সময় পাশের কক্ষে তার শাশুড়ি অবস্থান করছিলেন। কিছুক্ষণ পর সাদ্দাম ঘর থেকে বের হয়ে শাশুড়িকে জানান, রিমু ঘুমিয়ে আছেন—তাকে যেন না ডাকা হয়। প্রায় ১০ মিনিট পর শাশুড়ি ঘরে গিয়ে রিমুকে নিথর অবস্থায় খাটে পড়ে থাকতে দেখেন। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তিনি চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল মান্নান জানান, এটি আত্মহত্যা নাকি হত্যা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উপরে