প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬ ০০:০৪
অরক্ষিত রেলক্রসিংয়ে দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক
তালোড়ায় ট্রেন-সিএনজি সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ের কারণে ট্রেন ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেলেও চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে তালোড়া ইউনিয়নের গাড়ি বেলঘরিয়া-দেবখণ্ড ইউনিয়ন পরিষদ সংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি তালোড়া স্টেশন অতিক্রম করার পর প্রায় এক কিলোমিটার সামনে পৌঁছালে ঘটনাটি ঘটে। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা রেললাইন পার হওয়ার সময় হঠাৎ বিকল হয়ে পড়ে। ঠিক তখনই ট্রেনটি এসে সিএনজিটিকে ধাক্কা দেয়।
সোহাগ মিয়া, তালোড়া স্টেশন মাস্টার জানান, সংঘর্ষের মুহূর্তে সিএনজিচালক দ্রুত লাফিয়ে নামায় তিনি প্রাণে বেঁচে যান। তবে অটোরিকশাটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ওই রেলক্রসিংয়ে কোনো গেটম্যান বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। দ্রুত সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
