প্রকাশিত : ১ এপ্রিল, ২০২৬ ০২:০৮

গাবতলীতে কৃষক হত্যা: সন্দেহভাজন যুবক গ্রেপ্তার, দায় স্বীকার

নিজস্ব প্রতিবেদক
গাবতলীতে কৃষক হত্যা: সন্দেহভাজন যুবক গ্রেপ্তার, দায় স্বীকার

বগুড়ার গাবতলীতে কৃষক আব্দুল লতিফ আকন্দ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গৌরব সিংহ (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) রাতে জামালপুর জেলার মিলানন্দ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার গৌরব সিংহ গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা (ভাল্লুকমারী) গ্রামের জ্ঞানেন্দ্র সিংহের ছেলে। তিনি জামালপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গৌরব সিংহ হত্যার দায় স্বীকার করেছেন। তিনি জানান, কোদালের উল্টো পাশ দিয়ে আঘাত করে লতিফ আকন্দকে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ বিবস্ত্র করে ঘটনাস্থলে ফেলে রেখে তিনি পালিয়ে যান। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্বীকার করেন তিনি।

পুলিশ আরও জানায়, গৌরব সিংহ গোপনে বগুড়ায় এসে হত্যাকাণ্ড সংঘটিত করে পুনরায় জামালপুরে ফিরে যান। ঘটনাস্থলের পাশ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও রূপালী ব্যাংকের একটি কার্ড উদ্ধার করা হয়। সেগুলোর সূত্র ধরেই তার সম্পৃক্ততা নিশ্চিত করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের একটি সেচ মেশিন ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল উদ্ধার করা হয়েছে।

এর আগে রোববার (২৯ মার্চ) সকালে নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ আকন্দের মরদেহ তার সেচ মেশিন ঘরের পাশ থেকে উদ্ধার করা হয়। নিহত লতিফ আকন্দ ওই গ্রামের মৃত মোবারক আকন্দের ছেলে।

এ ঘটনায় নিহতের ছেলে শহীদ মিয়া বাদী হয়ে গাবতলী মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, সেচ পাম্পের জমি নিয়ে নিহতের সঙ্গে গৌরব সিংহের দীর্ঘদিনের বিরোধ ছিল। তদন্তে জানা গেছে, ঘটনার রাতে গৌরব জামালপুর থেকে এসে লতিফকে একা পেয়ে মারধর করেন এবং একপর্যায়ে কোদাল দিয়ে আঘাত করে হত্যা করেন। পরে তিনি পুনরায় জামালপুরে চলে যান।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

উপরে