প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২৬ ২০:১১

“দেড় মাসেই গণরায়ের সঙ্গে প্রতারণা শুরু করেছে বিএনপি” — সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক
“দেড় মাসেই গণরায়ের সঙ্গে প্রতারণা শুরু করেছে বিএনপি” — সারজিস আলম

নির্বাচনের দেড় মাস পার না হতেই বিএনপি মানুষের গণরায়ের সঙ্গে প্রতারণা শুরু করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে বগুড়া সদরের বাঘোপাড়ায় একটি স্কুল মাঠে আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ১১-দলীয় ঐক্যজোটের প্রার্থী ও জামায়াত নেতা আবিদুর রহমান-এর পক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।

সারজিস আলম বলেন, “আজ যদি আবার জাতীয় নির্বাচন হয়, দেশের অনেক আসনের মানুষ তাদের আগের সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা করবেন। অনেকেই হয়তো তাদের ভোটের অবস্থান বদলে ফেলবেন।”

বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় তারেক রহমান-এর সমালোচনা করে তিনি বলেন, “এখানকার মানুষ তাকে মন খুলে ভোট দিয়েছিলেন। কিন্তু দুটি আসনের মধ্যে একটি বেছে নেওয়ার সময় তিনি বগুড়ার আসন ছেড়ে দিয়েছেন। এই একটি কারণেই এই আসনের মানুষ অন্য প্রতীকে ভোট দিতে প্রস্তুত।”

বিএনপি তাদের ঘোষিত ৩১ দফা ও সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “যারা কাগজে-কলমে এক কথা বলে আর বাস্তবে অন্য কথা করে, তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।”

ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে সারজিস আলম বলেন, “ভোটে কারচুপি হয়েছে—এটা যেমন সত্য, তেমনি আমরা তা ঠেকাতে পারিনি—এটাও আমাদের দুর্বলতা। তবে ভবিষ্যতে আর কোনো ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ দেওয়া যাবে না।”

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “কোনো দলের চাটুকার না হয়ে রাষ্ট্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করুন। বাংলাদেশ যদি আবার ২০০১-২০০৬ সালের অবস্থায় ফিরে যায়, তবে পুরো দেশকেই এর খেসারত দিতে হবে।”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু।

সমাবেশ শেষে জামায়াত নেতা আবিদুর রহমানকে জোটের প্রার্থী হিসেবে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

উপরে