প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬ ২৩:৫৩

আদমদিঘীতে ডিএনসি’র অভিযানে টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আদমদিঘীতে ডিএনসি’র অভিযানে টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
বগুড়ার আদমদিঘী উপজেলায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া জেলা কার্যালয়।
জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে আদমদিঘী থানাধীন মুরইল বাজার এলাকার একটি বাড়ি থেকে মোঃ নাঈম মন্ডল (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মুরইল বাজার মসজিদের পেছনে আসামির নিজ বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার শয়নঘরে খাটের ওপর বসা অবস্থায় পরিহিত প্যান্টের সামনের বাম পকেট থেকে একটি পলিথিনে রাখা টাপেন্টাডলযুক্ত ‘টাপেল’ নামীয় ৩৫টি ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর মোট ওজন প্রায় ১৪.৭ গ্রাম (ব্লিস্টারসহ)।
গ্রেফতারকৃত নাঈম মন্ডল মুরইল এলাকার বাসিন্দা। তার পিতা মৃত লয়েজ মন্ডল এবং মাতা আনোয়ারা বেগম।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় আদমদিঘী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী থানার পরিদর্শক মোঃ আসলাম আলী মন্ডল।
ডিএনসি জানিয়েছে, উদ্ধারকৃত মাদকের সম্ভাব্য বড় চালানের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
 
 

 
 
উপরে