বিয়েতে মা’কে রাজি করানোর কথা বলে তরুণীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, মামলা
বগুড়ার আদমদীঘি উপজেলায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে (২৫) বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত যুবকের নাম আরিফ জাহান (২৮)। তিনি উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল আকন্দপাড়া এলাকার আতোয়ার হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, কয়েক বছর আগে লেখাপড়ার সুবাদে অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়। পরে বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আরিফ জাহান। বিয়ের বিষয়ে চাপ দিলে তিনি বিভিন্নভাবে সময়ক্ষেপণ করতে থাকেন।
একপর্যায়ে অভিযুক্ত জানান, পরিবারের সবাই বিয়েতে রাজি থাকলেও তার মা সম্মতি দিচ্ছেন না। মাকে রাজি করানোর কথা বলে গত ১২ এপ্রিল তরুণীকে তাদের বাড়িতে নিয়ে যান তিনি।
তবে সেদিন তার বাবা-মা বাড়িতে না থাকায় তাদের সঙ্গে তরুণীর দেখা হয়নি। এ সুযোগে অভিযুক্ত ওই তরুণীকে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরদিন বিয়েতে অস্বীকৃতি জানিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ভুক্তভোগী মামলা করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
