অস্বাস্থ্যকর পরিবেশে জুস উৎপাদন: বগুড়ায় কারখানার সুপারভাইজারকে এক বছরের কারাদণ্ড
বগুড়ায় রাসায়নিক ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে জুস উৎপাদন, পণ্যের মোড়কে অবৈধভাবে সিল-লোগো ব্যবহার এবং নিবন্ধন ছাড়া খাদ্য প্রস্তুতের দায়ে একটি জুস কারখানায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ মে) দুপুরে বগুড়া সদরের চাঁদপুর এলাকায় অবস্থিত ‘ড্রাগন ফুড অ্যান্ড বেভারেজ’ নামের কারখানায় জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর যৌথ অভিযানে এই দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কারখানার সুপারভাইজার আরিফুর রহমান (৩১)।
অভিযান সূত্রে জানা গেছে, কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে রাসায়নিক উপাদান ব্যবহার করে জুস উৎপাদন করা হচ্ছিল। পাশাপাশি পণ্যের মোড়কে অনুমোদনবিহীন সিল ও লোগো ব্যবহার করা হচ্ছিল এবং কোনো বৈধ নিবন্ধন ছাড়াই খাদ্য প্রস্তুত করা হচ্ছিল।
অভিযানকালে কারখানা থেকে ৩৭০ কেস অস্বাস্থ্যকর জুস জব্দ করা হয় এবং পরে সেগুলো জনসমক্ষে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, খাদ্য পরিদর্শক মো. সিদ্দিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা মোহাম্মদ রাসেল জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারি আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়েছে।
