প্রকাশিত : ১৩ মে, ২০২৬ ০৯:৩৩

বগুড়ায় ফোকাস সোসাইটি এনজিও কর্মী মোখলেছার রহমান নিখোঁজ: ১৫ দিনেও মেলেনি সন্ধান, সাতমাথায় মানববন্ধনে স্ত্রীর আকুতি

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ফোকাস সোসাইটি এনজিও কর্মী মোখলেছার রহমান নিখোঁজ: ১৫ দিনেও মেলেনি সন্ধান, সাতমাথায় মানববন্ধনে স্ত্রীর আকুতি
বগুড়ায় নিখোঁজ এনজিও কর্মী মোখলেছার রহমানের সন্ধান মিলছে না ১৫ দিনেও। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির হদিস না মেলায় অসহায় হয়ে পড়েছে তার স্ত্রী-সন্তানরা। স্বামীর ফিরে আসার আকুতি আর দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী নিলুফা ইয়াসমিন।
মঙ্গলবার (১২ মে) দুপুরে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় মোখলেছার রহমানকে দ্রুত খুঁজে বের করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
নিখোঁজ মোখলেছার রহমান ফোকাস সোসাইটি বাংলাদেশ-এর বগুড়া সদরের পল্লীমঙ্গল শাখায় কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল সকাল ৮টার দিকে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৫৮৯) করা হয়। তবে দীর্ঘ সময় পার হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
মানববন্ধনে স্ত্রী নিলুফা ইয়াসমিন অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “আমার দুইটি ছোট সন্তান আছে। তাদের নিয়ে আমি খুব কষ্টে আছি। সংসার চালানো কঠিন হয়ে গেছে। আমার স্বামীকে ফিরিয়ে দিন, আমার বাচ্চাদের বাবাকে ফিরিয়ে দিন।”
মানববন্ধন শেষে স্বজনদের কান্না আর শিশুদের নির্বাক অপেক্ষা উপস্থিত মানুষের হৃদয় স্পর্শ করে। পরিবারের সদস্যরা প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে মোখলেছার রহমানকে উদ্ধারের দাবি জানিয়েছেন।
এখন পরিবারের একটাই প্রশ্ন— “কোথায় আছেন মোখলেছার রহমান?”
উপরে