প্রকাশিত : ১৯ মে, ২০২৬ ০২:১২

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় বেসরকারি হাসপাতাল মালিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় বেসরকারি হাসপাতাল মালিকদের মানববন্ধন
 সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর এবং শরীয়তপুর জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) বিকেল ৩টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) বগুড়া জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের ওপর হামলা, হেনস্তা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। চিকিৎসকরা যদি কর্মস্থলে নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে সাধারণ মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হবে।
বক্তারা আরও বলেন, শরীয়তপুরে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয় ও অমানবিক। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, কর্মকর্তা ও কর্মচারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন।
উপরে