প্রকাশিত : ২২ মে, ২০২৬ ১৮:৩৫

বগুড়ার সারিয়াকান্দিতে ফুটবল খেলার বিরোধে স্কুলছাত্র ছুরিকাঘাতে নিহত

নিজস্ব প্রতিবেদক
বগুড়ার সারিয়াকান্দিতে ফুটবল খেলার বিরোধে স্কুলছাত্র ছুরিকাঘাতে নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে মোস্তাকিম আহমেদ (১৮) নামে এক নবম শ্রেণির স্কুলছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার ঘুঘুমারি এলাকায় নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিম আহমেদ উপজেলার ঘুঘুমারি উত্তরপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। সে নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে ফুটবল খেলা নিয়ে মোস্তাকিমের সঙ্গে একই এলাকার ঘুঘুমারি দক্ষিণপাড়া গ্রামের শাহ আলী মণ্ডলের ছেলে শাহাদাত হোসেনের বিরোধ হয়। শাহাদাত নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুরে মোস্তাকিম বিদ্যালয়ের সামনে গেলে শাহাদাত হোসেন তার কয়েকজন সহযোগীসহ তার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, কয়েকদিন আগে ফুটবল খেলায় ফাউল নিয়ে তাদের মধ্যে গণ্ডগোল হয়। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

উপরে