প্রকাশিত : ২২ মে, ২০২৬ ১৮:৩৭

গাবতলীতে ঘরে ঢুকে গৃহবধূ রীতা রানীকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক
গাবতলীতে ঘরে ঢুকে গৃহবধূ রীতা রানীকে গলা কেটে হত্যা

বগুড়ার গাবতলী উপজেলায় মধ্যরাতে ঘরে ঢুকে রীতা রানী মজুমদার (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।

নিহত রীতা রানী ওই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে পড়াশোনার জন্য ঢাকায় থাকেন। স্বামী-স্ত্রী দুজনই বাড়িতে বসবাস করতেন।

ঘটনার বিবরণ

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে রাতের খাবার শেষ করে রীতা রানী ও তার স্বামী বিধান চন্দ্র রায় আলাদা দুটি ঘরে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে দরজায় জোরে ধাক্কার শব্দে বিধান চন্দ্রের ঘুম ভাঙে। একই সঙ্গে পাশের ঘর থেকে স্ত্রীর অস্বাভাবিক গোঙানির শব্দ শুনতে পান।

দ্রুত স্ত্রীর ঘরে গিয়ে তিনি মেঝেতে রক্তাক্ত অবস্থায় রীতা রানীর গলাকাটা নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার সময় ঘরের সদর দরজা খোলা পাওয়া যায়।

গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।

উপরে