বগুড়ার কাহালুতে বিদ্যুতায়িত হয়ে ঘরে পড়ে ছিল দম্পতির মরদেহ
বগুড়ার কাহালু উপজেলা-এ বিদ্যুতায়িত হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার মুরইল ইউনিয়নের বেলঘড়িয়া দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সারিয়াকান্দি উপজেলার নারসি গ্রামের আনোয়ার হোসেন (৬০) এবং তাঁর স্ত্রী রমিছা খাতুন (৫৫)। তাঁরা বেলঘড়িয়া দক্ষিণপাড়ায় মেয়ের বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পুটু মিয়া নামে এক ব্যক্তি ওই বাড়িতে পানি খেতে গেলে ঘরের ভেতরে আনোয়ার হোসেন ও রমিছা খাতুনকে বৈদ্যুতিক তারে জড়ানো অবস্থায় দেখতে পান। পরে তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে রান্নাঘরের চালের সঙ্গে বৈদ্যুতিক তারের সংযোগ ছিল। তারের বিভিন্ন অংশ ছেঁড়া ও লিকেজ থাকায় পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, সেই বিদ্যুৎস্পৃষ্ট হয়েই দম্পতির মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং তাঁদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
