প্রকাশিত : ৫ জুন, ২০২৬ ০০:০২

বগুড়া পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
বগুড়া পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ

বগুড়া পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) রাজিয়া সুলতানা-এর বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আগামী সাত কর্মদিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

গত ৩ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করে।

অভিযোগকারী বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার বাসিন্দা মো. আলিম উদ্দিন হারুন। তাঁর লিখিত আবেদনে দাবি করা হয়েছে, রাজিয়া সুলতানা বগুড়া পৌরসভার প্রশাসক থাকাকালে নিয়মবহির্ভূতভাবে হাটবাজার ইজারা প্রদান, সরকারি কোষাগারে নির্ধারিত অর্থ জমা না নেওয়া, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, ভবনের নকশা অনুমোদনে অসঙ্গতি, উৎকোচ গ্রহণ ও স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন।

অভিযোগপত্রের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশন-এর কাছেও পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে অভিযোগগুলো সরেজমিন তদন্ত করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে রাজিয়া সুলতানা বলেন, অভিযোগের সত্যতা তদন্তেই প্রমাণিত হবে। তাঁর দাবি, বগুড়া পৌরসভায় অতিরিক্ত দায়িত্ব পালনের সময় সব কার্যক্রম নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে এবং কোনো অনিয়ম ঘটেনি।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযোগগুলোর বিষয়ে পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

উপরে