প্রকাশিত : ৭ জুন, ২০২৬ ০০:১২

সোনাতলায় বাঙ্গালী নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সোনাতলায় বাঙ্গালী নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
বগুড়ার সোনাতলা উপজেলায় বাঙ্গালী নদী থেকে তীর্থ সাহা (১৭) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (৬ জুন) সকাল ৮টার দিকে উপজেলার আড়িয়াঘাট ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তীর্থ সাহা সোনাতলা নতুন বন্দর এলাকার দীপক সাহার ছেলে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে আড়িয়াঘাট এলাকায় বাঙ্গালী নদীতে গোসল করতে নামে তীর্থ। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় সে। বিষয়টি জানতে পেরে সোনাতলা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে রাজশাহী থেকে আসা একটি ডুবুরি দলও অভিযানে যোগ দেয়।

শনিবার সকালে পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু হলে সকাল ৮টার দিকে আড়িয়াঘাট ব্রিজের নিচ থেকে তীর্থের মরদেহ উদ্ধার করা হয়।

সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপরে