প্রকাশিত : ৯ জুন, ২০২৬ ০১:১৫

হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী

নিজস্ব প্রতিবেদক
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী

বগুড়া শহরের সেঞ্চুরি হোটেলে সাবেক ইউপি সদস্য বিপুল চন্দ্র পালের (৪৮) মৃত্যুর ঘটনায় তার বান্ধবী মোর্শেদা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৭ জুন) দুপুরে ঠাকুরগাঁও শহরের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোর্শেদা বেগম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি বিপুল চন্দ্র পালের দীর্ঘদিনের বান্ধবী বলে জানিয়েছেন।

ঘটনার বিবরণ

গত শনিবার (৬ জুন) দুপুরে বগুড়ার সেঞ্চুরি হোটেলের ৬১০ নম্বর কক্ষ থেকে বিপুল চন্দ্র পালের লাশ উদ্ধার করে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি ওই নারীর সঙ্গে হোটেলে প্রবেশ করেছিলেন। ঘটনার পর নারী পালিয়ে যান।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে মোর্শেদা বেগম বলেছেন, যৌন উত্তেজক ওষুধ সেবনের পর শারীরিক সম্পর্কের একপর্যায়ে বিপুল অসুস্থ হয়ে মারা যান। ভয়ে তিনি হোটেল থেকে পালিয়ে যান।

নিহত বিপুল চন্দ্র পাল বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন।

পুলিশের বক্তব্য

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, “ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে অপমৃত্যুর মামলা হয়েছে। নারীকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মৃতের পরিবার মামলা করলে সেই মামলায় তাকে অন্তর্ভুক্ত করা হবে।”

হোটেল কক্ষ থেকে যৌন উত্তেজক ট্যাবলেট, ঘুমের ওষুধ ও কোমল পানীয় পাওয়া গেছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

উপরে