দুই ছেলের নামে দুই ইউনিয়নের নামকরণ, সংসদে দেওয়া ব্যাখ্যায় যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকায় নবগঠিত কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে জাতীয় সংসদে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বিরোধীদলীয় এক সংসদ সদস্যের অভিযোগের জবাবে প্রতিমন্ত্রী দাবি করেছেন, তাঁর সন্তানের নামের সঙ্গে মিল রেখে নয়; ভৌগোলিক অবস্থান বিবেচনায় ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম রাখা হয়েছে।
সোমবার জাতীয় সংসদে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত ছাঁটাই প্রস্তাবের আলোচনায় বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম বিষয়টি উত্থাপন করেন। তিনি অভিযোগ করেন, প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকায় একটি ইউনিয়নের নাম ‘মীরবাড়ী’ এবং আরও দুটি ইউনিয়নের নাম তাঁর দুই সন্তান ‘দিগন্ত’ ও ‘সীমান্ত’-এর নামে রাখা হয়েছে।
তিনি বলেন, “পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব প্রধানমন্ত্রী নাকচ করেছেন। অথচ এখন একই ধরনের সংস্কৃতি আবার ফিরে আসছে, যা উদ্বেগের বিষয়।”
মাগরিবের নামাজের বিরতির পর ব্যক্তিগত কৈফিয়ত দিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, নবঘোষিত মোকামতলা উপজেলার সৈয়দপুর ও দেউলী ইউনিয়ন অত্যন্ত বড় হওয়ায় প্রশাসনিক সুবিধার জন্য সেগুলো পুনর্গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের যাচাই-বাছাই এবং গণশুনানির ভিত্তিতেই নতুন ইউনিয়নের নাম নির্ধারণ করা হয়েছে।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় একটি ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’। অন্যদিকে গাইবান্ধা সীমান্তসংলগ্ন দূরবর্তী এলাকায় হওয়ায় আরেকটির নাম রাখা হয়েছে ‘দিগন্ত ইউনিয়ন’।
তিনি আরও বলেন, “দেশের বিভিন্ন স্থানে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামে প্রতিষ্ঠান ও স্থাপনা রয়েছে। কাকতালীয়ভাবে আমার সন্তানদের নামের সঙ্গে মিল রয়েছে। যদি ব্যক্তিগত উদ্দেশ্য থাকত, তাহলে নামের আগে ‘মীর’ যুক্ত করার অনুরোধ করতাম। কিন্তু নতুন ইউনিয়নের নামের আগে ‘মীর’ নেই।”
এ সময় সরকারি দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানান। বক্তব্যের একপর্যায়ে প্রতিমন্ত্রী রসিকতার সুরে বলেন, “আল্লাহ বাঁচিয়েছেন যে কেউ বলেননি বিজিবির ‘সীমান্ত ব্যাংক’ আমার ব্যাংক, কিংবা ‘সীমান্ত এক্সপ্রেস’ আমার ট্রেন। আবার গুলশানের ‘দিগন্ত টাওয়ার’ও যে আমার, সেটাও কেউ বলেননি।”
উল্লেখ্য, গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসকের স্বাক্ষরিত সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বগুড়ার শিবগঞ্জ উপজেলা এবং নবঘোষিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করে নতুন চারটি ইউনিয়ন গঠন করা হয়। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ী ইউনিয়ন’ এবং মোকামতলা উপজেলায় ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ ও ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’ নামে নতুন ইউনিয়নের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন প্রকাশের পর থেকেই নতুন ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে।
