জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম (৪০) জামিন পেয়েছেন।
রোববার (২১ জুন) বেলা পৌনে ১২টার দিকে বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী তানজিম আল মিসবাহ বলেন, মূলত একটি ভুল বোঝাবুঝির জেরে মামলাটি দায়ের হয়েছিল। উভয় পক্ষই বিষয়টি অনুধাবন করেছেন এবং আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের সম্ভাবনা রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ রেজানুর ইসলামকে গ্রেফতার করে। পরদিন তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন গত ১৭ জুন বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর সম্পাদক ও প্রকাশকসহ ছয়জনকে আসামি করা হয়। পরে মামলাটি সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর বিভিন্ন ধারায় রেকর্ড করে তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে।
মামলার অন্য আসামিরা হলেন— পত্রিকার প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিনিধি মো. শামস এবং জেলা প্রতিনিধি সাব্বির হাসান।
এজাহারে বাদী অভিযোগ করেন, গত ১২ জুন বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। এছাড়া ১৩ জুন প্রধানমন্ত্রীর জেলা সফরকে কেন্দ্র করে প্রতিমন্ত্রীকে জড়িয়ে উসকানিমূলক ও মানহানিকর মন্তব্য ছড়ানো হয়। কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই এসব তথ্য প্রচার করে তার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।
