প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ ১০:২৩

বগুড়ায় বায়ুদূষণের দায়ে দুই চুন কারখানাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় বায়ুদূষণের দায়ে দুই চুন কারখানাকে জরিমানা
বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকায় পরিবেশ দূষণের দায়ে দুটি চুন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (২৮ জুন) বগুড়া জেলা প্রশাসনের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেসার্স আলতাফ চুন ঘর ও মেসার্স সালমান চুন ঘর নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতে দেখা যায়, প্রতিষ্ঠান দুটি শামুক-ঝিনুক পোড়ানোর মাধ্যমে চুন উৎপাদন করায় বায়ুদূষণ ঘটছে এবং এর ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে।
এ অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর বিধি ৮ ও দণ্ড ১৭ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মাহমুদুল হাসান। অভিযানে বগুড়া জেলা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ুদূষণসহ সকল ধরনের পরিবেশ দূষণ রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপরে