প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৬ ০০:৪৬

দেশে তুলার উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শিবগঞ্জ, বগুড়া সংবাদদাতাঃ
দেশে তুলার উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে তুলার উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে। তুলা উৎপাদন বাড়ানো গেলে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি দেশের বস্ত্র ও তৈরি পোশাকশিল্প আরও শক্তিশালী হবে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে তুলা উন্নয়ন বোর্ডের বগুড়া জোন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবগঞ্জ, সোনাতলা ও গাবতলী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে হাইব্রিড তুলাবীজ, সার ও বালাইনাশক বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মীর শাহে আলম বলেন, তুলা আমদানিতে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে। দেশে তুলার উৎপাদন বাড়ানো গেলে একদিকে আমদানিনির্ভরতা কমবে, অন্যদিকে দেশের বস্ত্র ও তৈরি পোশাকশিল্প আরও শক্তিশালী হবে। তুলা চাষে প্রণোদনার জন্য সরকার ২০ কোটি টাকা বরাদ্দ রেখেছে।

তিনি আরও বলেন, আগামী চার বছরের মধ্যে দেশের ২ কোটি ৭০ লাখ কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হবে। বর্তমান সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, তাঁর সময়ে বাংলাদেশে আধুনিক তৈরি পোশাকশিল্পের ভিত্তি স্থাপিত হয়। তিনি রপ্তানিমুখী শিল্পনীতি গ্রহণ করে বেসরকারি খাত ও বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করেছিলেন।

তুলার বহুমুখী ব্যবহারের কথা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, দেশে তুলা উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমানোর বড় সুযোগ রয়েছে। বর্তমানে তুলা আমদানি করে সুতা তৈরি করতে হচ্ছে। এতে দেশের বিপুল অর্থ বিদেশে চলে যাচ্ছে।

অনুষ্ঠানে ২০২৬-২৭ মৌসুমে তুলা আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তিন উপজেলার ২৫০ জন তুলাচাষির মধ্যে প্রণোদনা বিতরণ করা হয়।

তুলা উন্নয়ন বোর্ডের বগুড়া জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমিন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মাহমুদুল হাসান সুজা, রংপুর অঞ্চলের উপপরিচালক জাফর আলী, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান এবং উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান।

অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাবসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষকেরা উপস্থিত ছিলেন।

উপরে