প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৬ ০০:৫২

অসুস্থ চাচাকে চিকিৎসক দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ভাতিজা নিহত

শেরপুর, বগুড়া সংবাদদাতাঃ
অসুস্থ চাচাকে চিকিৎসক দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ভাতিজা নিহত

অসুস্থ চাচাকে চিকিৎসক দেখিয়ে ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে করে বগুড়ায় ফেরার পথে ট্রাকচাপায় জয়নাল আবেদীন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর অসুস্থ চাচা, চাচি ও ভ্যানচালক।

শনিবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের গোঁড়তা গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন জয়নালের চাচা মো. বখত জামাল (৫৫), তাঁর স্ত্রী মোছা. কুলসুম বেগম (৪০) এবং ব্যাটারিচালিত ভ্যানগাড়ির চালক মো. শাহ আলম (৪৫)। তাঁরা একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ চাচা বখত জামালকে চিকিৎসক দেখানোর জন্য তাঁর স্ত্রী ও ভ্যানচালককে সঙ্গে নিয়ে সিরাজগঞ্জে গিয়েছিলেন জয়নাল। চিকিৎসা শেষে শনিবার বিকেলে ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে করে তাঁরা বগুড়ায় ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক সাইফুল ইসলাম বলেন, বিকেল পৌনে ৪টার দিকে মহাসড়কের চার লেন উন্নয়ন প্রকল্পের একটি ট্রাক উল্টো পথে যাওয়ার সময় অসুস্থ রোগী বহনকারী ব্যাটারিচালিত ভ্যানগাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই জয়নাল নিহত হন।

স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা আহত বখত জামাল ও তাঁর স্ত্রী কুলসুম বেগমকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত ভ্যানচালক শাহ আলমকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আইয়ুব আলী বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপরে