প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬ ০১:০৯

নূরুইল বিলে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
নূরুইল বিলে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

বগুড়া সদরের পীরগাছা-মাটিডালী সড়কের নূরুইল বিল এলাকায় সংসদে অনুমোদিত বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে শেখেরকোলা, শাখারিয়া, লাহিড়ীপাড়াসহ আশপাশের এলাকার কয়েকশ মানুষ অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইবনে মামুনুর রশীদ সাজু।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা নূরুইল বিলের সরকারি খাসজমিতে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান। এ সময় তারা শান্তিপূর্ণভাবে সড়কের এক পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

বক্তারা বলেন, নূরুইল বিল এলাকায় প্রায় ১ হাজার ৩৩২ শতাংশ জমির মধ্যে প্রায় ৯৩ শতাংশই সরকারি খাসজমি। ফলে এখানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে ভূমি অধিগ্রহণে সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় হবে না। পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ও কোলাহলমুক্ত পরিবেশ শিক্ষার জন্য অত্যন্ত উপযোগী। এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি নৈসর্গিক ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব বলেও তাঁরা দাবি করেন।

লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আজাদুর রহমান মকবুল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন লাহিড়ীপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হযরত আলী, শেখেরকোলা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী জায়দার, জেলা ছাত্রদল নেতা রুহুল আমিন, সদর উপজেলা ছাত্রদল নেতা মিল্লাত হোসেন, শাকিব আল হাসান, মোমিন ইসলাম, শাকিল প্রাং, মশিউর রহমান সোহাগ, সাংবাদিক কেএম আমিনুল ইসলাম ও অভিভাবক মনিরা আমিনসহ অনেকে।

বক্তারা বলেন, বগুড়া সদরের নূরুইল বিলের সরকারি খাসজমিতে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপন এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। এ বিষয়ে সরকারের ইতিবাচক সিদ্ধান্তের দাবি জানান তাঁরা।

উপরে