দাবি বাস্তবায়ন না হলে ২৯ জুলাই থেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটের হুঁশিয়ারি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের দাবিদাওয়া আদায়ে বগুড়া জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ভাড়ায় পরিচালিত অ্যাম্বুলেন্সের জন্য ভাড়াকৃত রেজিস্ট্রেশনের ব্যবস্থা, অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালা বাস্তবায়ন, প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের ব্যবস্থা এবং হাইকোর্টের রায় অনুযায়ী টোল ফ্রি সুবিধা কার্যকর করতে হবে।
এ ছাড়া লাশবাহী ফ্রিজার ভ্যান ও অ্যাম্বুলেন্সে লাশ পরিবহনের সময় টোল ফ্রি সুবিধা এবং ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবিও জানান তাঁরা।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২৯ জুলাই থেকে লাগাতার ধর্মঘট পালন করা হবে।
বগুড়া জেলা শাখার আহ্বায়ক মো. সোহাগের সভাপতিত্বে এবং সদস্য সচিব শামীম হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি জাকির হোসেন বেবি, সাবেক সাধারণ সম্পাদক বাকিরুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সদস্য শাহ আলম, হৃদয়, বিল্লাল, রকি মিয়া, সোহাগ হোসেন ও রাশেদ। এ ছাড়া অ্যাম্বুলেন্স মালিকদের মধ্যে শাহীন, শিপন ও কোরবান সভায় অংশ নেন।
