প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬ ০০:৪৩

বগুড়ায় ভুয়া চিকিৎসক দিয়ে সেবা, ক্লিনিককে ১.৬০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ভুয়া চিকিৎসক দিয়ে সেবা, ক্লিনিককে ১.৬০ লাখ টাকা জরিমানা

বগুড়া শহরের মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে অভিযান চালিয়ে নানা অনিয়ম এবং ভুয়া চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়, ক্লিনিকে কোনো ডিউটি চিকিৎসক ও নিবন্ধিত (রেজিস্টার্ড) নার্স উপস্থিত ছিলেন না। এছাড়া ল্যাবরেটরির পরীক্ষার রিপোর্ট সংরক্ষণের কোনো রেকর্ড পাওয়া যায়নি এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশও ছিল অস্বাস্থ্যকর। এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট আইনে মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন ছাড়াই এলোপ্যাথি চিকিৎসাসেবা দেওয়া, অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা এবং রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়ার অভিযোগে এনামুল হক নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

তদন্তে তার বিরুদ্ধে বৈধ চিকিৎসা সনদ বা বিএমডিসি নিবন্ধন ছাড়াই চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে বিএমডিসি আইন, ২০১০ অনুযায়ী তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন জানান, জনস্বার্থে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

উপরে