প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬ ০০:৫৯

সাবেক এমপি জিন্নাহর মস্তিষ্কে আঘাত, ঢাকায় চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক
সাবেক এমপি জিন্নাহর মস্তিষ্কে আঘাত, ঢাকায় চিকিৎসাধীন

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহর মস্তিষ্কে আঘাত ধরা পড়েছে। তিনি বর্তমানে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) তার ছোট ছেলে ব্যারিস্টার তাসবীর শরীফ সাম্য এ তথ্য জানান। শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, সম্প্রতি করা এমআরআই পরীক্ষায় তার মস্তিষ্কে আঘাতের বিষয়টি শনাক্ত হয়েছে। একই সঙ্গে তার দৃষ্টিশক্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন কারাবন্দি থাকার কারণে তার শারীরিক অবস্থারও অবনতি হয়েছে বলে পরিবারের দাবি।

ব্যারিস্টার তাসবীর শরীফ সাম্য জানান, চিকিৎসকদের মতে, মস্তিষ্কের সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতার কারণে শরিফুল ইসলাম জিন্নাহর দীর্ঘমেয়াদি নিবিড় চিকিৎসা প্রয়োজন। এছাড়া তার চোখে অস্ত্রোপচারও প্রয়োজন বলে চিকিৎসকরা মত দিয়েছেন।

তিনি আরও জানান, বগুড়া জেলা কারাগারে থাকা অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য গত ২২ জুলাই তাকে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ঢাকায় স্থানান্তর করা হয়। পরবর্তী পরীক্ষা-নিরীক্ষায় তার মস্তিষ্কে আঘাতের বিষয়টি ধরা পড়ে। বর্তমানে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা চলছে।

তাসবীর শরীফ সাম্য বলেন, তার বাবার শারীরিক অবস্থা নিয়ে পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ রয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল বা কারা কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো চিকিৎসা-সংক্রান্ত বিবৃতি দেয়নি।

তিনি বাবার দ্রুত সুস্থতার জন্য শিবগঞ্জবাসীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

উপরে