প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৬ ২৩:২৫

শেরপুরে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
শেরপুরে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছোনকা এলাকায় ঢাকা অভিমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওগাঁর ধামইরহাট উপজেলার চাঁদকুড়ি গ্রামের আব্দুল গফুরের ছেলে মাছুর রহমান (৩৮) এবং একই উপজেলার জাহানপুর গ্রামের ওসমান আলীর ছেলে নয়ন (৩৮)। নয়ন যমুনা লাইন পরিবহনের বাসের হেলপার ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছোনকা এলাকার আন্ডারপাস ব্রিজের উত্তর পাশে একটি পাথরবোঝাই ট্রাক দুই দিন আগে সড়কের পাশের ওয়ালে ধাক্কা লেগে বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে ছিল। রোববার রাতে জয়পুরহাট থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নয়ন ও যাত্রী মাছুর রহমান নিহত হন। দুর্ঘটনায় আহত অন্তত সাতজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপরে