প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৬ ২৩:৩০

শ্লীলতাহানির অভিযোগের পর ধুনটে জামায়াত নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
শ্লীলতাহানির অভিযোগের পর ধুনটে জামায়াত নেতা বহিষ্কার

সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বগুড়ার ধুনট উপজেলার জামায়াত নেতা মোশাররফ হোসেনকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) রাতে জেলা জামায়াতের প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত মোশাররফ হোসেন ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং জয়সিং গ্রামের খলিলুর রহমানের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে ৩০ জুলাই অনুষ্ঠিত জেলা কর্মপরিষদের বৈঠকের সুপারিশের ভিত্তিতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে অভিযোগের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

রোববার (২ আগস্ট) এ বিষয়ে জানতে চাইলে মোশাররফ হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে স্থানীয় সূত্রের দাবি, তার বিরুদ্ধে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। পরে ওই নারীকে বিয়ের চেষ্টা করেন তিনি।

জেলা জামায়াতের প্রচার সম্পাদক নূর মোহাম্মদ বলেন, “তিনি এক নারীকে বিয়ে করতে চেয়েছিলেন। বিষয়টি দলীয় শৃঙ্খলা ও নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে হয়েছে। অভিযোগ তদন্তে সত্যতা পাওয়ায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।”

উপরে