প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৬ ২৩:৩৯

মুঠোফোনে বিয়ে, প্রবাসীর ১০ লাখ টাকা হাতিয়ে নিলেন স্ত্রী—থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
মুঠোফোনে বিয়ে, প্রবাসীর ১০ লাখ টাকা হাতিয়ে নিলেন স্ত্রী—থানায় অভিযোগ

বগুড়ার কাহালু উপজেলার শান্তা গ্রামের বাসিন্দা মোছা. সাহিদা বিবি শেরপুর উপজেলার পাঁচজনের বিরুদ্ধে প্রতারণা, অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাৎ, ভয়ভীতি প্রদর্শন এবং হয়রানির অভিযোগ এনে থানায় লিখিত আবেদন করেছেন।

অভিযোগে বলা হয়েছে, সাহিদা বিবির ছেলে মো. রজ্জু প্রায় সাড়ে তিন বছর আগে কর্মসূত্রে মালয়েশিয়ায় যান। সেখানে অবস্থানকালে প্রায় তিন বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে শেরপুর উপজেলার বাগড়া হঠাৎপাড়া গ্রামের খাদিজা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর খাদিজা মাঝে-মধ্যে স্বামীর বাড়িতে এলেও প্রায় এক বছর ধরে তিনি আর যোগাযোগ করছেন না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগ অনুযায়ী, খাদিজা আক্তার অপর অভিযুক্তদের পরামর্শে বিভিন্ন সময়ে মো. রজ্জুর কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল ফোন নেন। পরে তিনি শ্বশুরবাড়ির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। টাকা ও অন্যান্য মালামাল ফেরত চাইলে অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ২৮ জুলাই অভিযুক্তদের কয়েকজন পুলিশ নিয়ে অভিযোগকারীর বাড়িতে গিয়ে খাদিজা আক্তারের খোঁজ করেন। এ সময় তাকে লুকিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ তুলে পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানি করা হয়।

ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় দুই ব্যক্তিসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী দাবি করেছেন, অভিযুক্তরা ভবিষ্যতেও বড় ধরনের ক্ষতি এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিচ্ছেন। পরে আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার প্রতি আবেদন জানানো হয়েছে।

উপরে