তানজিলা দীপা হত্যা: আসামির শাস্তির দাবিতে আজিজুল হক কলেজে মানববন্ধন
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের স্নাতকোত্তর শিক্ষার্থী তানজিলা ইয়াসমিন দীপা হত্যা মামলার প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন কলেজটির শিক্ষক-শিক্ষার্থী ও নিহতের স্বজনরা।
সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টায় ‘সরকারি আজিজুল হক কলেজ পরিবার’-এর ব্যানারে কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, সহপাঠী এবং নিহতের পরিবারের সদস্যরা অংশ নেন।
বক্তারা বলেন, গত ২৮ জুলাই রাতে বগুড়া সদর উপজেলার মালগ্রাম কলেজপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তানজিলা ইয়াসমিন দীপার (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি বগুড়া সদর উপজেলার নারুলী আনন্দপাড়া এলাকার খয়বর আলীর মেয়ে এবং সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী। সম্প্রতি তিনি স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেছিলেন।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, এটি আত্মহত্যা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করা হলেও মামলার প্রধান আসামি ও তানজিলার দ্বিতীয় স্বামী শেখ আবীদ উল সানি এখনও গ্রেপ্তার হয়নি। তারা অবিলম্বে প্রধান আসামিসহ জড়িত সকলকে গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তানজিলা হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহতের বাবা খয়বর আলী, মা মাহফুজা বেগম, বড় বোন সাবিনা ইয়াসমিন ও বড় আব্বা ফজলুর রহমান। এছাড়া সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম ও আবু সাঈদ, কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন শেষে তানজিলা ইয়াসমিন দীপার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
