প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৬ ০০:৩২

সৌদিতে প্রবাসীর রহস্যজনক মৃত্যু: ধুনট থানায় ঘেরাও করে বিচারের দাবি

নিজস্ব প্রতিবেদক
সৌদিতে প্রবাসীর রহস্যজনক মৃত্যু: ধুনট থানায় ঘেরাও করে বিচারের দাবি

সৌদি আরবে রহস্যজনকভাবে মৃত্যুর শিকার হওয়া প্রবাসী শাহাদত হোসেনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ার ধুনট থানা ঘেরাও করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে ধুনট থানার প্রধান ফটকের সামনে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলার জোড়শিমুল গ্রামের দিনমজুর জামাল আকন্দের ছেলে শাহাদত হোসেন প্রায় ছয় মাস আগে স্থানীয় দুই ব্যক্তি মাহমুদুল ও আরিফুলের মাধ্যমে সৌদি আরবে যান। পরিবারের অভিযোগ, বিদেশে পাঠানোর আগে ভালো চাকরি ও বেশি বেতনের আশ্বাস দেওয়া হলেও সেখানে গিয়ে তিনি প্রতিশ্রুত কাজ পাননি।

পরিবারের দাবি, সৌদি আরবে গিয়ে শাহাদত দীর্ঘদিন মানবেতর জীবনযাপন করেন। একপর্যায়ে রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। প্রায় এক সপ্তাহ আগে পরিবারের কাছে তার মৃত্যুর খবর পৌঁছায়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বুধবার রাতে তার মরদেহ দেশে এনে গ্রামের বাড়িতে পৌঁছানো হয়।

বৃহস্পতিবার সকালে মরদেহ দাফনের পর ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী জোড়শিমুল গ্রাম থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রায় সাত কিলোমিটার পথ অতিক্রম করে ধুনট থানার সামনে গিয়ে শেষ হয়।

পরে দেড় শতাধিক নারী-পুরুষ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় তারা শাহাদত হোসেনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে। তাদের দাবিগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপরে