প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬ ২১:৩২

বগুড়ায় ভুয়া ডিবি পরিচয়ে অটোরিকশাচালক অপহরণ, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ভুয়া ডিবি পরিচয়ে অটোরিকশাচালক অপহরণ, গ্রেপ্তার ৩

বগুড়ায় ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। একই সঙ্গে অপহৃত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে শহরের পুরান বগুড়া এলাকার শেরেবাংলা নগরের একটি দোতলা বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও অপহৃত চালককে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বগুড়া সদর উপজেলার সাবগ্রাম দক্ষিণপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে সজীব আহমেদ (৩২), শিবগঞ্জের কামতারা পশ্চিমপাড়া এলাকার মৃত ইছাহাক প্রামাণিকের ছেলে লজিম প্রামাণিক (৪০) এবং মালগ্রাম উত্তরপাড়া এলাকার মামুন শেখের ছেলে সোহান শেখ (১৮)।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) রাতে সিএনজিচালিত অটোরিকশাচালক রফিকুল ইসলাম (৪৩)কে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে পুরান বগুড়ার একটি বাসায় আটকে রেখে নির্যাতন করা হয়।

অভিযোগ অনুযায়ী, দেশীয় অস্ত্রের মুখে রফিকুলকে বিবস্ত্র করে তার কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে অপহরণকারীরা তার স্ত্রী হাজেরা বেগমকে ফোন করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। রফিকুলকে আদালতের মাধ্যমে চালান করে দেওয়ার ভয় দেখিয়ে ২০ মিনিটের মধ্যে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

স্বজনেরা টাকা দিতে অস্বীকৃতি জানালে ফোনে রফিকুলের কান্নাকাটি ও চিৎকার শোনানো হয়। পরে নিরুপায় হয়ে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ডিবি কার্যালয়ে গিয়ে বিষয়টি মৌখিকভাবে জানান তার স্ত্রী হাজেরা বেগম।

অভিযোগের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় ঘটনাস্থল থেকে জখম অবস্থায় রফিকুল ইসলামকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং ছিনিয়ে নেওয়া ও আদায় করা নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামি মেহেদী হাসান শিহাবসহ জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার বলেন, ভুয়া ডিবি পরিচয়ে অপহৃত অটোরিকশাচালককে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে লজিম প্রামাণিকের বিরুদ্ধে চুরিসহ দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

উপরে