প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬ ০০:৫৬

ধর্ষণ মামলা করায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
ধর্ষণ মামলা করায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে

বগুড়ার ধুনটে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাহ আলম (৪২) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে ওই ব্যবসায়ী ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে অপহরণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্ত শাহ আলম উপজেলার সাতবেকী গ্রামের শাহাদত প্রামাণিকের ছেলে। তিনি স্থানীয় বাজারে মুদি দোকান পরিচালনা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী গত ৪ আগস্ট দুপুরে শাহ আলমের দোকানে সাবান ও শ্যাম্পু কিনতে যায়। এ সময় শাহ আলম তাকে দোকানে ভালো সাবান-শ্যাম্পু নেই বলে বাড়িতে থাকা পণ্যের কথা জানান। পরে কৌশলে তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মেয়েটি বাড়িতে ফিরতে দেরি করায় তার মা দোকানে খোঁজ নিতে যান। দোকান বন্ধ পেয়ে তিনি শাহ আলমের বাড়িতে গেলে ঘরের ভেতর থেকে মেয়ের চিৎকার শুনতে পান। এ সময় শাহ আলম বিষয়টি টের পেয়ে কৌশলে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা গত ১২ আগস্ট বগুড়া জেলা শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শাহ আলমের বিরুদ্ধে মামলা করেন। শুনানি শেষে আদালত ধুনট থানাকে মামলাটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ এবং আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে আদালতের আদেশ অনুযায়ী ১৫ আগস্ট রাতে মামলাটি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।

মামলার খবর পেয়ে গত ১৪ আগস্ট দুপুরে শাহ আলম বাড়ির পাশের রাস্তা থেকে ওই স্কুলছাত্রীকে অপহরণ করেন বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আদালতে করা মামলাটি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তার এবং অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চলছে।

উপরে