প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ, কিস্তির মাঠকর্মীর বিরুদ্ধে অভিযোগ
বগুড়ায় এক নারীকে ধর্ষণের পর আপত্তিকর ভিডিও ও ছবি ধারণ করে ব্ল্যাকমেলের অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. মাসুদকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-১২।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার আলাদীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করে র্যাব। গ্রেপ্তার মাসুদ আলাদীপুর এলাকার মো. সায়েদ আলীর ছেলে।
মামলা ও র্যাব সূত্রে জানা গেছে, ৩৪ বছর বয়সী ওই নারীর স্বামী চার বছর ধরে প্রবাসে রয়েছেন। একটি এনজিও থেকে ঋণ নেওয়ার সূত্রে মাসুদের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে মাসুদ ওই নারীর মোবাইল ফোন নিয়ে নেন এবং সেটি ফেরত দেওয়ার কথা বলে তাকে নিজের বাড়িতে ডেকে নেন।
অভিযোগ রয়েছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে মাসুদ ওই নারীকে ধর্ষণ করেন এবং মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ ও ছবি তুলে রাখেন। পরে ধারণ করা ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করা হয়। এভাবে ভয়ভীতি দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ২২ আগস্ট বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
র্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার জানান, মামলা হওয়ার পর থেকে মাসুদ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের আলাদীপুর এলাকায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
