বগুড়া জিলা স্কুলের পাশে ড্রেন খননে ৩৩৪ গুলি উদ্ধার
বগুড়া মহানগরের জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন ড্রেন সংস্কারের জন্য খননকাজের সময় ৩৩৪টি গুলি উদ্ধার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে সিটি করপোরেশনের মাস্টার ড্রেন নির্মাণের জন্য খননকাজ চলাকালে এসব গুলি উদ্ধার করা হয়।
জানা গেছে, রোববার সকালে জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন এলাকায় ড্রেন নির্মাণের জন্য শ্রমিকরা মাটি খনন করছিলেন। এ সময় এক শ্রমিক খনন করা ড্রেনের দেয়ালের দক্ষিণ পাশে মাটির ভেতর ধাতবসদৃশ বস্তু দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ‘শ্রমিকরা কাজ করার সময় মাটির ভেতর গুলিগুলো খুঁজে পান। সেখানে মোট ৩৩৪টি গুলি পাওয়া গেছে। এগুলো মুক্তিযুদ্ধের সময়ের নাকি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া গুলি, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।’
ওসি আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে গুলিগুলোর বিষয়ে বিস্তারিত জানা যাবে।
