সালমান শাহ মৃত্যুর সময় ডন বগুড়ায় ছিলেন, দাবি এলাকাবাসীর
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা ও চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তারের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন করেছেন তার শৈশবের বন্ধু ও এলাকাবাসী। মামলাটিকে ‘ষড়যন্ত্রমূলক ও মিথ্যা’ দাবি করে তা প্রত্যাহার এবং ডনের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তারা।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় ডনের বাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, সালমান শাহর মৃত্যুর দিন ডন বগুড়াতেই ছিলেন। ওই সময় তিনি বন্ধুদের সঙ্গে নৌকায় ভ্রমণেও গিয়েছিলেন বলে দাবি করেন তার সাবেক রাঁধুনি রশিদা বানু।
ডনের শৈশবের বন্ধু জোসেফ বলেন, ‘ছোটবেলা থেকেই ডন অনেক ভালো ও উদার মনের মানুষ। তিনি ভালো ফুটবল খেলোয়াড় এবং সাংস্কৃতিমনা। সবসময় গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি খুনের মতো নিকৃষ্ট কাজের সঙ্গে জড়িত থাকতে পারেন—এটা এলাকার কেউ বিশ্বাস করে না।’
প্রতিবেশী আইনুল ইসলাম বলেন, ‘প্রতিহিংসা বা শত্রুতা হয় সমানে সমানে। ডন ছিলেন খলনায়ক আর সালমান শাহ নায়ক। তাদের মধ্যে কীসের এত হিংসা-বিদ্বেষ থাকবে যে ডন তাকে মেরে ফেলবেন? সালমান শাহর মৃত্যুর দিন ডন বগুড়াতেই ছিলেন।’
তিনি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং ডনের দ্রুত মুক্তির দাবি জানান।
মানববন্ধনে ডনের বাসার সাবেক রাঁধুনি রশিদা বানুও বক্তব্য দেন। তিনি দাবি করেন, সালমান শাহর মৃত্যুর তিন দিন আগে থেকেই ডন বগুড়ায় ছিলেন।
রশিদা বানু বলেন, ‘সালমান শাহর মৃত্যুর খবর আসার আগের রাত এবং সেদিনও ডনের রান্না আমিই করেছি। খাবার খেয়ে তিনি বন্ধুদের নিয়ে নৌকায় ভ্রমণে গিয়েছিলেন। তখনই সালমান শাহর মৃত্যুর খবর তার কাছে পৌঁছায়।’
মানববন্ধন থেকে ডনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানানো হয়।
