প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬ ০৯:৫২
বগুড়ায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে চাঁদা না দেওয়ায় হামলা-ভাঙচুরের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে তা না দেওয়ায় তার বাড়িতে হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ী মো. শাহিন সরকার ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ফুলবাড়ী বিসিক বিট মডেল স্কুলের পাশে শাহিন সরকারের স্বর্ণের দোকান রয়েছে। অভিযুক্তরা বিভিন্ন সময় তার দোকানে গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে দোকান বন্ধ করে দেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, রোববার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে শাহিনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের গালিগালাজ ও মারধর করেন। এ সময় তার ছেলে ছামিউলকে লোহার রড দিয়ে আঘাত করে মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। স্ত্রী রুনা বেগমকে মারধর করে স্বর্ণের কানের দুল ও চেইন নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে।
এ ছাড়া শাহিনের ভাইয়ের স্ত্রী নাতাশা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা, তার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং শাহিনের মেয়েকে মারধর ও তার পরনের কাপড় টানাহেঁচড়া করে ছিঁড়ে ফেলার অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বাড়ির আসবাবপত্র ও কাচের মালামাল ভাঙচুর, আলমারির ড্রয়ার ভেঙে নগদ ৪ লাখ ৯৫ হাজার টাকা এবং ব্যবসা ও পরিবারের প্রায় ১১ ভরি স্বর্ণ নিয়ে যাওয়ার দাবি করা হয়েছে। এছাড়া মোবাইল ফোন, এলইডি টিভি, টেবিল ফ্যান, সাইকেল, পানির মোটরসহ বিভিন্ন জিনিস নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন বাদী। সব মিলিয়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহত শাহিনের স্ত্রী, ছেলে, মেয়ে ও ভাইয়ের স্ত্রীকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
