প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬ ০৯:৫৭
শেরপুরে বাড়িতে ঢুকে দম্পতিকে মারধরের অভিযোগ
এনামুল হক, বগুড়াঃ
বগুড়ার শেরপুরে পূর্ববিরোধের জেরে বাড়িতে ঢুকে এক দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে আব্দুল কুদ্দুস (৬০) ও তাঁর স্ত্রী নাহার বেগমের (৫৪) বিরুদ্ধে। এ ঘটনায় আহত আব্দুল মজিদ ও তাঁর স্ত্রী লিপি আরা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
গত ২৭ আগস্ট বিকেলে উপজেলার খামারকান্দি ইউনিয়নের পার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে লিপি আরা বেগম থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, পূর্ববিরোধের জেরে অভিযুক্ত দুজন লাঠি ও কাঠের বাটাম নিয়ে তাঁদের বাড়িতে ঢুকে আব্দুল মজিদকে মারধর করেন। স্বামীকে রক্ষা করতে গেলে লিপি আরা বেগমকেও মারধর এবং তাঁর কাপড় ছিঁড়ে ফেলার অভিযোগ করা হয়েছে। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল কুদ্দুস বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযুক্তির মিথ্যা ও ভিত্তিহীন।
এ বিষয়ে শেরপুর থানার ওসি এসএম মইনুদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
