প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬ ১০:০৫

গাবতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খবর বিজ্ঞপ্তিঃ
গাবতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাবতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদত হোসেন খান সাগরের বিরুদ্ধে ‘মিথ্যা ও বানোয়াট’ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহাদত হোসেন খান সাগর এসব অভিযোগ করেন। তিনি তাঁর বিরুদ্ধে করা বিভিন্ন অভিযোগকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে এর তীব্র প্রতিবাদ জানান।

লিখিত বক্তব্যে শাহাদত হোসেন খান সাগর বলেন, শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে বগুড়া শহরের সাতমাথায় আয়োজিত একটি মানববন্ধনে বহিষ্কৃত বিএনপি নেতা নজরুল ইসলাম খান ও মতিউর রহমান তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বক্তব্য দেন। পরদিন এ বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়।

তিনি দাবি করেন, ওই মানববন্ধনে তাঁকে মাদ্রাসার এতিমখানার অর্থ আত্মসাৎকারী, মাদকসেবী, পঞ্চম শ্রেণি পাস এবং আওয়ামী লীগপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।

শাহাদত হোসেন খান সাগর বলেন, তিনি এসএসসি পাস এবং প্রায় ২৮ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে তাঁর বিরুদ্ধে ২৮টি মামলা করা হয়েছিল।

আসন্ন গাবতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কারণে রাজনৈতিক প্রতিপক্ষরা তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা ও কুৎসামূলক প্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অভিযুক্তদের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও তাঁর সমর্থকেরা উপস্থিত ছিলেন।

উপরে