প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০০

বগুড়ায় জুলাই যোদ্ধাদের কর্মসূচির আগে সাতমাথায় বিকট শব্দ, ধোঁয়া

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় জুলাই যোদ্ধাদের কর্মসূচির আগে সাতমাথায় বিকট শব্দ, ধোঁয়া

বগুড়ার সাতমাথায় ‘আমরা জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার’-এর বিক্ষোভ কর্মসূচি শুরুর ঠিক আগমুহূর্তে পরপর দুটি বিকট শব্দ ও ধোঁয়া ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সাতমাথা গোলচত্বরের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, তিনদিন আগে ঢাকার গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে সারা দেশের মতো বগুড়াতেও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টার পর থেকে ‘আমরা জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার’-এর সদস্যরা সাতমাথার জুলাই স্মৃতিস্তম্ভের সামনে জড়ো হতে থাকেন।

কর্মসূচি শুরুর ঠিক আগমুহূর্তে সাতমাথা গোলচত্বরের দক্ষিণ পাশে হঠাৎ বিকট শব্দ হয় এবং চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বগুড়া সদর থানা-পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

ঘটনাস্থলে উপস্থিত জুলাই শহীদ আব্দুল আহাদ সৈকতের বাবা নজরুল ইসলাম বলেন, ‘আমরা ৪০-৫০ জন মানুষ স্মৃতিস্তম্ভের সামনে একত্রিত হয়েছিলাম। কর্মসূচি শুরুর আগেই গোলচত্বরের দিকে বিকট শব্দ হয় এবং ধোঁয়া দেখতে পাই। ঢাকার ঘটনার পর আমাদের কর্মসূচিকে লক্ষ্য করে কোনো দুষ্কৃতকারী এটি করেছে কি না, তা নিয়ে প্রথমে কিছুটা আতঙ্কে ছিলাম। তবে পুলিশ সঙ্গে সঙ্গে এসেছে এবং বিষয়টি পর্যবেক্ষণ করছে।’

‘আমরা জুলাই যোদ্ধা’ বগুড়া জেলার আহ্বায়ক জুলফিকার আলম বলেন, সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তির ঝটিকা মিছিলের প্রতিবাদে কেন্দ্র নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তাঁরা সেখানে অবস্থান করছিলেন। হঠাৎ গোলচত্বরের দিক থেকে বিকট শব্দ ও ধোঁয়া দেখা যায়। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে বিষয়টি তদন্ত শুরু করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে বিষয়টি পটকা জাতীয় কিছু বলে মনে হচ্ছে এবং এর কিছু আলামতও পাওয়া গেছে।

তিনি বলেন, ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী ও সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শব্দের পরপরই এক তরুণ ও এক তরুণীকে সেখান থেকে দৌড়ে যেতে দেখা গেছে। কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিশুদের দিয়ে এ কাজ করিয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ওই তরুণ-তরুণীকে শনাক্তের পাশাপাশি এর পেছনে কারও মদদ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর সাতমাথা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পুলিশের পর্যবেক্ষণে রয়েছে।

উপরে