প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২১

সংবাদ প্রকাশের পর নন্দীগ্রামে চার দৃষ্টিপ্রতিবন্ধী ভাই-বোনের পাশে এমপি

নন্দীগ্রাম, বগুড়া সংবাদদাতা
সংবাদ প্রকাশের পর নন্দীগ্রামে চার দৃষ্টিপ্রতিবন্ধী ভাই-বোনের পাশে এমপি

জরাজীর্ণ ঘরে অনিশ্চিত জীবনযাপন করা নন্দীগ্রামের জন্মগত চার দৃষ্টিপ্রতিবন্ধী ভাই-বোনের পাশে দাঁড়িয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন। সংবাদমাধ্যমে তাদের দুর্দশার খবর প্রকাশের পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তিনি নিজেই ওই পরিবারের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন।

নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কর গ্রামের দক্ষিণপাড়ায় ওই পরিবারের বাড়িতে গিয়ে এমপি মোশারফ হোসেন চার ভাই-বোন—আদম আলী, আকবর আলী, আবু মুসা ও বেবিয়া খাতুনের খোঁজখবর নেন। পরে তাদের হাতে চাল, ডাল, আটা, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।

এ সময় মোশারফ হোসেন বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। জন্মগতভাবে একই পরিবারের চার ভাই-বোনের দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ার বিষয়টি অত্যন্ত কষ্টের। যারা আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চান, তাদের খুঁজে বের করে সহযোগিতা করা প্রয়োজন।

তিনি ওই পরিবারের মাথা গোঁজার ঠাঁইসহ সার্বিক বিষয়ে পাশে থাকার আশ্বাস দেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নজিবর-সুফিয়া দম্পতির সন্তানদের মধ্যে চারজন জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী। প্রায় এক যুগ আগে মা এবং প্রায় এক বছর আগে বাবা মারা যাওয়ার পর তাদের জীবন আরও অনিশ্চিত হয়ে পড়ে। নিজেদের উপার্জনের সক্ষমতা না থাকায় জরাজীর্ণ ঘরেই নানা প্রতিকূলতার মধ্যে বসবাস করছেন তারা।

এ সময় নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপরে