প্রকাশিত : ১ অক্টোবর, ২০২৬ ০০:৫২

‘লটারি নয়, মেধার মূল্যায়ন চাই’—বগুড়ায় ভর্তি পরীক্ষার দাবিতে অভিভাবকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
‘লটারি নয়, মেধার মূল্যায়ন চাই’—বগুড়ায় ভর্তি পরীক্ষার দাবিতে অভিভাবকদের মানববন্ধন

সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছেন সচেতন অভিভাবকরা। শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও যোগ্যতা মূল্যায়ন এবং শিক্ষার মান ধরে রাখতে আগের মতো প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা চালুর দাবি জানান তারা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অংশ নেন।

মানববন্ধনে অভিভাবকরা বলেন, লটারির মাধ্যমে ভর্তি হওয়ায় শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার মূল্যায়নের সুযোগ থাকছে না। দীর্ঘদিন পড়াশোনা ও ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পর কেবল লটারির ওপর নির্ভর করে পছন্দের বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া বা না পাওয়ার বিষয়টি অনেক শিক্ষার্থীর মধ্যে হতাশা তৈরি করছে।

অভিভাবক শাহানুর আলম বলেন, ‘লেখাপড়া কোনো ভাগ্যের খেলা নয়। লটারির মাধ্যমে ভর্তিপ্রক্রিয়া চালিয়ে শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের সুযোগ সীমিত করা হচ্ছে। আমরা চাই, অবিলম্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ভর্তিপ্রক্রিয়া চালু করা হোক।’

অভিভাবক জান্নাতুল ফেরদৌস বলেন, দীর্ঘদিন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পর শুধু লটারির ভিত্তিতে ভর্তির সুযোগ নির্ধারণ করায় অনেক শিক্ষার্থী হতাশ হয়ে পড়ে। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষা পুনরায় চালু করা প্রয়োজন।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন অভিভাবক আনোয়ার হোসেন, রিমা খাতুন এবং শিক্ষার্থী তানহা, ফাবিহা ও সাবিহা।

সমাবেশ থেকে সরকারি বিদ্যালয়ের তৃতীয় থেকে নবম শ্রেণিসহ প্রযোজ্য শ্রেণিগুলোতে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালুর দাবি জানানো হয়। একই সঙ্গে দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে পরবর্তী সময়ে আরও কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

উপরে