আ. হক কলেজের উন্নয়নে ৬০০ কোটি টাকার পরিকল্পনা
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সার্বিক উন্নয়নে প্রায় ৬০০ কোটি টাকার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আওতায় সংযোগ সড়ক, সাইট ডেভেলপমেন্ট ও মেইন গেট নির্মাণকাজের ফলক উন্মোচন করা হয়েছে।
রোববার সকালে কলেজ ক্যাম্পাসে উন্নয়নকাজের ফলক উন্মোচন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
এ সময় তিনি বলেন, সরকারি আজিজুল হক কলেজকে নান্দনিক ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। শুরুতে এ প্রকল্পে সাড়ে ৩৫০ কোটি টাকার কর্মপরিকল্পনা থাকলেও নতুন সংযোজন ও আধুনিকায়নের প্রয়োজন বিবেচনায় তা সংশোধন করে প্রায় ৬০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষাখাতে উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ সহজ করতে বিনা সুদে ও বিনা জামানতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা রাখা হয়েছে।
বগুড়ায় আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় অনুমোদনের কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে সাধারণ শিক্ষার পাশাপাশি চিকিৎসা, বিজ্ঞান ও কৃষি বিষয়ে শিক্ষার সুযোগ থাকবে। এ ছাড়া আন্তর্জাতিক বিমানবন্দর, বিজনেস জোন, শিল্পপার্ক ও সিটি করপোরেশন বাস্তবায়নের মাধ্যমে বগুড়াকে অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের সাম্প্রতিক ফলাফলেরও প্রশংসা করেন।
অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহফুজুল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক শামসুল আলম পাশা, সহকারী প্রকৌশলী সবুজ মিয়া, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, সদস্যসচিব রাকিবুল আল-আমিনসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
