প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬ ০১:১২

বগুড়ায় দুই থানায় নতুন ওসি, বদলি-পদায়ন সাত পুলিশ পরিদর্শকের

জনস্বার্থে রদবদল, অবিলম্বে কার্যকরের নির্দেশ পুলিশ সুপারের
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় দুই থানায় নতুন ওসি, বদলি-পদায়ন সাত পুলিশ পরিদর্শকের

বগুড়ার আদমদীঘি ও শেরপুর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়নসহ জেলা পুলিশের সাতজন পরিদর্শককে (নিরস্ত্র) বদলি ও পদায়ন করা হয়েছে। প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি ও জনস্বার্থে এ রদবদল করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এসব বদলি ও পদায়নের নির্দেশ দেওয়া হয়। জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (নিরস্ত্র) মো. জামিরুল ইসলামকে আদমদীঘি থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক (নিরস্ত্র) মো. একরামুল হোসাইনকে শেরপুর থানার ওসি করা হয়েছে।

অপর এক অফিস আদেশে ওআর হেডকোয়ার্টার্সে কর্মরত পাঁচজন পরিদর্শককে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে পদায়ন করা হয়েছে। তাঁদের মধ্যে খুরশীদা বানুকে পুলিশ কন্ট্রোল রুমে, মো. আমবার হোসেনকে ক্রাইম অ্যান্ড অপস শাখায়, খন্দকার ফরিদ হোসেনকে স্টেডিয়াম পুলিশ ফাঁড়িতে, শিবগঞ্জ সার্কেল অফিসের পরিদর্শক কামরুজ্জামানকে আদমদীঘি থানার সান্তাহার পুলিশ ফাঁড়িতে এবং মো. নূর আলমকে সদর পুলিশ ফাঁড়িতে পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং জনস্বার্থ বিবেচনায় এ রদবদল করা হয়েছে। অফিস আদেশ অনুযায়ী, বদলি ও পদায়নের নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।

উপরে