বগুড়ায় ফিলিং স্টেশনে আগুন, পুড়ল পাশের দুই বসতবাড়ি
বগুড়ার সারিয়াকান্দিতে একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্টেশনটির পাশের দুটি বসতবাড়ির কয়েকটি ঘর পুড়ে গেছে। এর মধ্যে দুটি ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে ফিলিং স্টেশনটিতে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং বসতবাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ ফিলিং স্টেশনটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। স্টেশনটির দক্ষিণ পাশে থাকা দুটি বসতবাড়ির কয়েকটি ঘরে আগুন লাগে। এতে দুটি ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে সারিয়াকান্দি ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বগুড়া সদর ও গাবতলী থেকে আরও দুটি ইউনিট সেখানে যায়। চারটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সারিয়াকান্দি ফায়ার স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ সুজন মিয়া অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ফিলিং স্টেশনটিতে ড্রামে করে ডিজেল, অকটেনসহ বিভিন্ন ধরনের জ্বালানি তেল বিক্রি করা হতো। আগুনে স্টেশনটির পাশাপাশি পাশের বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও যাচাই-বাছাই শেষে নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
