বগুড়ায় ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারের ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন
বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।
এতে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মোঃ মেজবাহুল হক এবং পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) ড. সরদার মোঃ কেরামত আলী।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আয়োজনে এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে নবনিযুক্ত সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষা প্রশাসন সম্পর্কে ধারণা অর্জন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় জ্ঞান ও অভিজ্ঞতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
